খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫
নরসিংদীর রায়পুরায় এক মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে তাঁর বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে মঙ্গলবার (২৭ মে) সকালে আটক করেছে পুলিশ। এর আগে দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছিল। ওই মামলায় জেল খেটে জামিনে বের হয়ে বাবাকে হত্যা করে সে।
নিহত কবির হোসেন (৫০) উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। ছয় মাস আগে তিনি দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় তাঁকে তিন মাস কারাগারে থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর বাবা কবির তাঁকে দেখাশোনা রাখতেন। তাঁরা একটি দোচালা ঘরে বসবাস করতেন। গতকাল রাতে মনির হঠাৎ একটি শাবল দিয়ে বাবা কবিরের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের জমিতে গেলে মনির সেখানে গিয়ে আবারও উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, ‘খ্যাপাটে স্বভাবের মনিরকে নিয়ে তার বাবা দোচালা ঘরে থাকতেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। এবার বাবাকেই হত্যা করল। আমরা কেউ তখন তার সামনে যেতে সাহস পাইনি। পরে স্থানীয়রা মিলে পুলিশে খবর দিই।’
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেলেকে আটক করেছি। তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
খবরওয়ালা/এসআর