খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: ৬ই মে ২০২৫, ৬:৫৮ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম একসময় শোবিজে কাজ করতে এসেছিলেন মডেল ও অভিনেত্রী পরিচয়ে। ২০১২ সালে তিনি অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক টেকেনি দীর্ঘদিন। ২০১৯ সালের শেষের দিকে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে একাই পথ চলছেন এই মডেল-অভিনেত্রী।
তবে ‘মডেল’ ও ‘অভিনেত্রী’ পরিচিতি থাকলেও মারিয়াকে খুব বেশি শোবিজে সক্রিয় দেখা যায় না। বরং তার সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরলেই চোখে পড়ে বিদেশে ঘুরে বেড়ানো ও নানান আবেদনময়ী ছবি। এইসব ছবি নিয়ে নানা সময় নেতিবাচক মন্তব্যের শিকারও হতে হয় তাকে। তবে এসব নিয়ে খুব একটা ভাবেন না তিনি। বরং নিজের মতো করে জীবন উপভোগ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন মারিয়া মিম। সেখানে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের পোশাক ও জীবনযাপন নিয়ে খোলামেলা বক্তব্য দেন।
মারিয়া বলেন, ‘অনেকেই আমার পোশাক নিয়ে সমালোচনা করেন। কিন্তু আমি তো দেশে কখনো ছোট পোশাক পরি না, বিদেশে গিয়ে পরি। আমি বার্সেলোনায় বড় হয়েছি, তাই ওয়েস্টার্ন পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের ওপর মানায় বলেই পরি, আর তাতে আমি নিজেকে ভালো লাগি।’
তিনি আরও বলেন, ‘বলিউডে কেউ ছোট পোশাক পরলে মানুষ প্রশংসা করে, আর আমরা পরলে সমস্যা হয়! মানুষের মানসিকতা বদলানো উচিত। মিডিয়ায় থাকতে হলে গ্ল্যামারাস হওয়া লাগে, সুন্দর ড্রেস পরতেই হবে।’
পোশাক প্রসঙ্গে তার স্পষ্ট মত, ‘ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, দেখতে ভালো লাগে। কেউ যদি ফিট না হয়, আর ছোট পোশাক পরে, তাহলে সেটা দেখতে খারাপ লাগতেই পারে।’
সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন মারিয়া। সাবেক স্বামী সিদ্দিকুর রহমান সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘তার সঙ্গে তো ৬-৭ বছর আগেই বিচ্ছেদ হয়েছে। সে এখন আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।’
খবরওয়ালা/আরডি
মন্তব্য