দেশে প্রগতি লাইফ ইনস্যুরেন্সের উদ্যোগে ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিকল্পনা

দেশের বেসরকারি খাতের জীবনবিমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইনস্যুরেন্স ডিজিটাল ব্যাংক করতে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান তাদের আগ্রহের তথ্য বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। প্রগতি লাইফ জানিয়েছে, এককভাবে নয়, কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তারা দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রগতি লাইফ অংশগ্রহণ করবে এবং অনুমোদন পেলেই ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫ শতাংশ বিনিয়োগ করবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা হতে হবে, যার ৫ শতাংশ অর্থাৎ ১৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রগতি লাইফ মালিকানা পাবে।

নীতিমালা অনুসারে ডিজিটাল ব্যাংকের কোনো স্থায়ী শাখা, এটিএম, সিডিএম বা সিআরএম থাকবে না। ব্যাংকটি শুধুমাত্র অ্যাপ ও মোবাইল ভিত্তিক সেবা প্রদান করবে এবং গ্রাহকরা ২৪ ঘণ্টা সেবা পাবেন। ভার্চুয়াল কার্ড, কিউআর কোড ও উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য দিয়ে লেনদেন সুবিধা প্রদান করা হবে, তবে কোনো প্লাস্টিক কার্ড দেওয়া হবে না। এছাড়া গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম এবং এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন।

ডিজিটাল ব্যাংক বড় বা মাঝারি শিল্পে ঋণ দেবে না; শুধুমাত্র ছোট ঋণ প্রদানে সীমাবদ্ধ থাকবে এবং কোনো এলসি (ঋণপত্র) খোলা যাবে না।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।