খবরওয়ালা অর্থ-বাণিজ্য ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি বীকন ফার্মার মুনাফা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৫২ কোটি টাকা। এক বছরের মধ্যে মুনাফা বেড়েছে ৪৩ কোটি টাকা বা প্রায় ৮৩ শতাংশ।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক হিসাব চূড়ান্ত করে মুনাফার এই হিসাব দিয়েছে কোম্পানিটি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২২ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এবং একই সভায় ২১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিনিয়োগকারীরা এই লভ্যাংশ পাবেন, তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য কোনো লভ্যাংশ নেই।
ক্যানসারসহ বিভিন্ন রোগের ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী বীকন ফার্মা এ বছর বিনিয়োগকারীদের মধ্যে মোট ২৯ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করবে, যার মধ্যে ১৮.৫৪ কোটি টাকা যাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। কোম্পানির শেয়ারের প্রায় ৩৮ শতাংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। অন্যদিকে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা প্রায় ২২ শতাংশ শেয়ার ধরে রেখেছেন এবং তারা পাবেন ১০.৬৪ কোটি টাকা লভ্যাংশ।
কোম্পানিটি আগামী ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে; ওই তারিখে শেয়ারধারীরা লভ্যাংশ পাবেন। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০ শতাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের ১০ শতাংশ হারে লভ্যাংশ প্রদান করেছিল।
২০২৪-২৫ অর্থবছরের পুরো ব্যবসার তথ্য এখনও প্রকাশ করেনি বীকন ফার্মা, তবে ৯ মাসের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, জুলাই থেকে মার্চ পর্যন্ত ৮৯৯ কোটি টাকার ব্যবসা করেছে এবং ৮৬.৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। বাকি তিন মাসে প্রায় ১০ কোটি টাকা মুনাফা হয়েছে।
মুনাফা ও লভ্যাংশের ঘোষণায় আজ শেয়ারবাজারে কোম্পানির শেয়ারের দাম দেড় টাকা বা প্রায় ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৯ টাকায় পৌঁছেছে। ঢাকার শেয়ারবাজারে প্রায় এক লাখ শেয়ারের লেনদেন হয়েছে যার বাজারমূল্য এক কোটি টাকার বেশি।
২০০৬ সালে ব্যবসা শুরু করা বীকন ফার্মা ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২৩১ কোটি টাকার মূলধনের এই কোম্পানি ‘এ’ শ্রেণির মৌলিক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণ্য।
খবরওয়ালা/এমইউ