খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ই ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ এএম
টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকেলে টাঙ্গাইল শহরের আকুর-টাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তাঁর তথ্য অনুযায়ী, লাজ ফার্মা থেকে ওষুধ ক্রয় করে ভুক্তভোগীর শরীরে প্রয়োগ করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মো. শফিকুল ইসলাম নামের এক ভোক্তা লিখিত অভিযোগ করার পর অভিযান চালানো হলে ওষুধগুলো নকল প্রমাণিত হয়।
এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী ৪১ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক রুমেল বলেন, ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। জনগণের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
অভিযানে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য