নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া পৌরসভার একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠটি কুলশুর গ্রামে অবস্থিত হলেও মাঠের দখল নিয়ে বাবুপুর গ্রামের শেখ বংশ ও পার্শ্ববর্তী পাঁচ কাউনিয়া গ্রামের মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার বিকেলে বাবুপুর গ্রামের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় পাঁচ কাউনিয়া গ্রামের লোকজন মাঠে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা।

এই ঘটনার জেরে বাবুপুর গ্রামের লোকজন পাঁচ কাউনিয়ার শিক্ষার্থী জিতু মোল্যাকে পিটিয়ে আহত করে।

এর কিছুক্ষণ পর বাবুপুর গ্রামের শেখ বংশীয় লোকজন কুলশুর গ্রামে হামলা চালায়। হামলাকারীরা কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তার চাচাতো ভাই জিল্লুর রহমান সরদার এগিয়ে গেলে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।