শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর মো. হুমায়ুন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে একই নদী থেকে তার চালানো অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল।
নিহত হুমায়ুন শেরপুরের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি সিএনজি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে। গাড়ির নম্বর দেখে ঝর্ণা খাতুন নামে এক নারী সেটিকে তার স্বামীর অটোরিকশা হিসেবে শনাক্ত করেন।
এর কিছুক্ষণ পর বিকেলে, সিএনজি উদ্ধারের স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, শনিবার রাত ১০টার দিকে হুমায়ুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরদিন রবিবার একবার মোবাইলে কথা হলেও পরে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং আর যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ভোগাই নদী থেকে এক সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
খবরওয়ালা/আশ



