নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন জি কে শামীম ও তার মা

খবরওয়ালা আদালত অনলাইন ডেস্ক: দুদকের দাখিল করা অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ শুনানিতে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম, যিনি জি কে শামীম নামে পরিচিত, এবং তার মা আয়েশা আক্তার নিজেদের নির্দোষ দাবি করেছেন।

বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ন্যায়বিচারের আবেদন করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চায়। সাফাই সাক্ষ্য দিবেন কি না জানতে চাইলে বলেন, সাফাই সাক্ষ্য দিবেন। পরে আদালত আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ‘দুই আসামির মধ্যে জি কে শামীম কারাগারে আছেন। তাকে আদালতে হাজির করা হয়। তার মা জামিনে আছেন, তিনি অসুস্থ। তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়। এদিন আত্মপক্ষ শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।’

গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।