কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এতে গাড়িতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের বাড়ি মহাসড়কসংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মা মাহিনুর ও তার শিশু কন্যা। মহাসড়কের পাশে পানিভরা খাদে পড়ে যায় গাড়িটি এবং এতে প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
খবরওয়ালা/টিএসএন



