নেত্রকোনার মদনে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনার মদনে কালোবাজারে পাচারের সময় দুটি হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঘটনায় জড়িত থাকার অপরাধে হ্যান্ডট্রলির দুই চালককে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মদন উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় কম দামে চাউল বিতরণ করে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে মদন উপজেলায় এই চাল বিতরণ চলছিল। তবে কিছু সুবিধাভোগী বিতরণ কেন্দ্র থেকে পাওয়া চাউল নিজেরা ব্যবহার না করে তাৎক্ষণিক মুনাফার আশায় কম দামে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
একটি অসাধু চক্র এসব সরকারি চাউল অবৈধভাবে সংগ্রহ ও মজুত করছিল। শুক্রবার সকালে দুটি হ্যান্ডট্রলিতে মোট ১০০ বস্তা চাউল বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে নেত্রকোনা জেলা সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা রুদ্রশ্রী এলাকায় ট্রলি দুটির গতিপথ রোধ করেন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মদন থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাল ভর্তি হ্যান্ডট্রলি দুটি জব্দ করে। একই সাথে ট্রলির দুই চালক মামুন ও আকার উল্লাহকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সহায়তা সরাসরি প্রকৃত দুস্থদের কাছে পৌঁছাচ্ছে কি না এবং সুবিধাভোগীরা কেন তা খোলাবাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তা খতিয়ে দেখা দরকার। চাল বিক্রির এই সিন্ডিকেটের পেছনে নেপথ্য মদদদাতাদের চিহ্নিত করারও দাবি জানান তারা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মদন-তিয়শ্রী সড়কে চেকপোস্ট বসানো হয়। তল্লাশির সময় ১০০ বস্তা চাউল জব্দসহ দুইজনকে আটক করা হয়। বর্তমানে জব্দকৃত চাউলের সঠিক ওজন ও পরিমাণ নিখুঁতভাবে পরিমাপের কাজ চলছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, সরকারি খাদ্য সহায়তার চাল অবৈধভাবে স্থানান্তরের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশকে চাউল জব্দ সাপেক্ষে নিয়মিত মামলা করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে মূল দোষীদের আইনের আওতায় আনা হবে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।