কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জরিনা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, নিহতের প্রতিবেশী আরিফুল ইসলাম শুক্রবার রাতে নতুন একটি অটোরিকশা কিনে এনে বৈদ্যুতিক লাইনে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে সেটি দেখতে গিয়ে জরিনা বেগম এতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/টিএসএন



