পূর্বাঞ্চলের ১০ ট্রেনের সময় পরিবর্তন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন ট্রেন চলাচলের সময়সূচি কাল সোমবার (১০ মার্চ) থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন সময়সূচিতে সুবর্ণ এক্সপ্রেসসহ পাঁচটি আন্তঃনগর ট্রেনের চট্টগ্রাম থেকে যাত্রার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে সোনার বাংলাসহ আরও পাঁচটি আন্তঃনগর ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলার ঢাকা থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

ট্রেন চলাচলের সময়সূচিকে রেলের ভাষায় ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) বলা হয়। সোমবার থেকে কার্যকর হবে ডব্লিউটিটি-৫৪। এর আগের ডব্লিউটিটি-৫৩ কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর।

ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চল যমুনা নদীর পূর্ব পাশে, যা পূর্বাঞ্চল রেলওয়ে (ঢাকা-চট্টগ্রাম-সিলেট-ময়মনসিংহ বিভাগ) হিসেবে পরিচিত। আর যমুনা নদীর পশ্চিম পাশ নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে গঠিত (রাজশাহী-রংপুর-খুলনা বিভাগ)। রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে বর্তমানে ২৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে।

ট্রেন চলাচলের নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে সকাল ৭টায়। আগে সাড়ে ৭টায় ছেড়ে যেত। ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের যাত্রার সময়। আগে সন্ধ্যা ৬টায় ছেড়ে গেলেও এখন ছাড়বে বিকেল সোয়া ৫টায়।

তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়বে বিকেল সাড়ে ৫টায়, আগে ছেড়ে যেত সন্ধ্যা সাড়ে ৬টায়। জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে এখন থেকে ১০ মিনিট আগে রাত ৮টায় ছাড়বে। কক্সবাজার এক্সপ্রেস এখন দুপুর ১২টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে পাঁচটি ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এখন থেকে ছাড়বে বিকেল ৪টায়। আগে ছেড়ে যেত বেলা সাড়ে ৩টায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রার সময় ১৫ মিনিট পিছিয়ে বিকেল ৫টা করা হয়েছে। আগে পৌনে ৫টায় ছেড়ে যেত।

ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস এখন ছাড়বে বিকেল সোয়া ৫টায়। ভূঞাপুরগামী এই ট্রেন আগের সময়সূচি অনুযায়ী ছাড়ত বিকেল সাড়ে ৪টায়। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৩০ মিনিট। এখন রাত সাড়ে ১০টার পরিবর্তে রাত ১১টায় ঢাকা ছাড়বে এই ট্রেন।

নতুন সময়সূচি অনুযায়ী সোমবার থেকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওপিএস) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, রেলের নতুন টাইম টেবিলে কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।