খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রথমবারের মতো ডিজিটাল নাগরিকত্ব সনদ সেবার আওতায় এলো জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে একজন সেবা গ্রহীতার হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
তিলকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার সভাপতিত্বে প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। এ সময় ওই ইউনিয়নের ইউপি সদস্যরা ও আগত বিভিন্ন সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, পূর্বে নাগরিকত্ব সনদ পেতে ইউনিয়ন পরিষদে এসে লিখিত আবেদন করতে হতো এই ইউনিয়নের সেবা গ্রহীতাদের। তবে এখন থেকে নাগরিকত্ব সনদ পেতে ওই ইউনিয়নের বাসিন্দারা অনলাইনে আবেদন করবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে নাগরিকত্ব সনদ প্রদান করবেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। পরবর্তীতে সেবা গ্রহীতারা অনলাইন থেকেই নাগরিকত্ব সনদ উঠিয়ে নিতে পারবেন।
নাগরিকত্ব সনদ পেতে ইউনিয়ন পরিষদে আর যেতে হবে না।
অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিলকপুর ইউনিয়নেই প্রথম ডিজিটাল নাগরিকত্ব সনদ সেবা চালু হয়েছে। এর মাধ্যমে সেবা গ্রহীতাদের নাগরিকত্ব সনদ পেতে অনেকটা সহজ হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ থেকে প্রদেয় সকল সনদ ডিজিটাল সেবার আওতায় আনা হবে এবং প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই ডিজিটাল সেবা চালু করা হবে।
খবরওয়ালা/এসআর