বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় দিপুমনি আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৩ আগস্ট) রাতে মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিপুমনি একই গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ‘গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দিপুমনি তাঁর প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ভিডিও কলে থাকা অবস্থাতেই গলায় ফাঁস নেন তিনি। পরিবারের লোকজন জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা বলেন, ‘প্রায় সাড়ে তিন বছর আগে দিপুমনির বিয়ে হয়। তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলায় থাকেন, আর মা ঢাকায় চলে গেছেন। মা–বাবার দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় দিপুমনি বেশির ভাগ সময় আমাদের নানাবাড়িতেই থাকত। কয়েক দিন ধরে তাঁকে খুব বিষণ্ন দেখাচ্ছিল। স্বামীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। গতরাতেও কথা কাটাকাটি হয়। এরপর সে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। সেই সময়ও তাঁর স্বামী ভিডিও কলে ছিলেন।’
মুলাদী থানার আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘স্বামীর সঙ্গে অভিমান করে তাঁকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
খবরওয়ালা/এসআই



