প্রশ্নফাঁসের দায়ে শিক্ষক ও অপারেটর সাময়িক বরখাস্ত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজন অস্থায়ী শিক্ষক এবং একজন কম্পিউটার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের এই ঘটনার জন্য তাদের বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মেহেদী হাসান এবং খণ্ডকালীন কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম। জানা গেছে, এ ঘটনায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির একটি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

বিদ্যালয়ের সূত্র থেকে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাটি বাতিল করে নতুন প্রশ্নপত্র দিয়ে আবার পরীক্ষা নেওয়া হয়েছে। একইসঙ্গে যে ছাপাখানা থেকে প্রশ্নপত্র ছাপানো হতো, ভবিষ্যতে তার সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এসএসসি পরীক্ষার সময় শিক্ষক মেহেদী হাসানের কক্ষে নকল পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

অভিযুক্ত শিক্ষক মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার কাছে নিজেকে নির্দোষ প্রমাণের যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম বলেন, তিনি ২০১৬ সাল থেকে বিদ্যালয়ে কাজ করছেন এবং এতদিনে এমন কোনো ঘটনার সঙ্গে কখনও জড়িত ছিলেন না। তিনি এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেন, প্রশ্নফাঁসের বিষয়ে তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি জানার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং ফাঁস হওয়া প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।