খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 3শে আশ্বিন ১৪৩২ | ১৮ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে এ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে মো. ইয়াসিন (৩৯) ও ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) এর গতিরোধ করে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি গ্যাস সিলিন্ডার দেখা যায়।
এতে একটি গ্যাস সিলিন্ডার স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হলে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকারীদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
খবরওয়ালা/এসআর