খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ, চাকা ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন—ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুরের এমদাদুল ইসলাম পাভেল (২১), চৌদ্দগ্রামের মনোহর আলী মনা (২১), লক্ষ্মীপুরের কমল নগরের মো. রাশেদ (১৯), ফেনী সদর উপজেলার ইলাশপুরের ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), নোয়াখালীর সুধারামপুরের নুরুল আমিন শুকুর (২৮) ও ফেনীর দেবীপুরের এনামুল হক (৫০)।
ডিবি জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী রিকশায় ওঠে। মহিপাল যাওয়ার পথে ফতেহপুর ফ্লাইওভারের নিচে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ছিনতাইয়ের পর রিকশাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করা হয়। পরে মানিক ও শুকুর মিলে রিকশার একটি অংশ মসজিদের পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করে। অভিযানে অটোরিকশার তিন খণ্ড, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/আশ