ফের আইনি জটিলতায় ‘পুষ্পা’, হাইকোর্টে মামলা

ভারতীয় চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ অর্থ উপার্জনকারী সিনেমার মধ্যে অন্যতম, ‘পুষ্পা ২’ মুক্তির পর থেকে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেই সঙ্গে কিছু বিতর্কের কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে, একটি শোতে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে, এবং এই ঘটনায় আল্লু অর্জুনসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এবার অন্য বিতর্কে জড়িয়েছে সিনেমাটি। 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা ২ সিনেমার বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেছেন ‘সিনে প্রেক্ষা বিনিযোগা দারুলা সংঘমের’ সভাপতি জিএল নরসিমহা রাও।

মামলার আবেদনে তিনি বলেছেন, ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয় থেকে পাওয়া মুনাফা কম বাজেটের চলচ্চিত্রের কল্যাণ ও ভর্তুকির জন্য আলাদা করে রাখতে হবে।

নরসিমহা রাও আরও যুক্তি দেন, সিনেমাটি বিশ্বজুড়ে এক হাজার আটশ কোটি রুপির বেশি আয় করেছে। টিকিটের দাম ও বেনিফিট শো বৃদ্ধির কারণে সিনেমাটি মূলত বড় অঙ্কের মুনাফা করেছে। তিনি টিকিটের দাম ও বিশেষ স্ক্রিনিংয়ের অনুমোদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এজন্য সুপ্রিমকোর্টের একটি রায়কে উদ্ধৃত করেন।

তিনি আদালতকে অনুরোধ করেন, চলচ্চিত্রের মুনাফা থেকে পাবলিক থিয়েটার তৈরি ও কম বাজেটের সিনেমাকে সহায়তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা উপকৃত হবে।

তবে শুনানি শেষে বিচারক মামলার আবেদনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বেনিফিট শো ও টিকিটের দাম বৃদ্ধি ইতোমধ্যে শেষ হয়েছে। তবে আবেদনকারী স্পষ্ট করে বলেছেন, এই মামলাটি জনস্বার্থে করা হয়েছে, বিশেষত চলচ্চিত্র থেকে পাওয়া মুনাফার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

শুনানির পর আদালত আবেদনকারীকে নির্দেশ দেন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট রায়ের প্রতিলিপি যেন তার দাবির সঙ্গে সংযুক্ত করা হয়। মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে বলে বলিউড লাইফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।