খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
চাঁদপুরে ফেসবুকের মাধ্যমে এক যুবকের সাথে প্রেম হয় জেরিনের। সেই প্রেম পরিণত হয় বিয়েতে। তবে এর শেষ পরিণতি হয়েছে আত্মহত্যা। স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন জেরিন আক্তার জেরি (২২)।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তা গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জেরিন ওই এলাকার মো. জয়নাল গাজীর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালে ফেসবুকে পরিচয় হয় জেরিন ও চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা পারভেজ হাসানের ছেলে মেহেদী হাসান রিফাতের (২৪)। সেই পরিচয় থেকেই প্রেম, এরপর ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় তাদের। পরে পারিবারিক স্বীকৃতির জন্য দুই পরিবারের উপস্থিতিতে চাঁদপুর সদর মডেল থানায় বসে সমঝোতা হয় এবং ৭ লাখ টাকা কাবিনে আনুষ্ঠানিকভাবে বিয়েও সম্পন্ন হয়।
কিন্তু বিয়ের পর থেকেই রিফাত ও তার পরিবার যৌতুকের দাবিতে জেরিনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ পরিবারের। টাকা না দেওয়ায় রিফাত তাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়।
ঘটনার রাতে স্বামীর সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বলার পর জেরিন ফেসবুকে লেখেন,“আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তারা আমাকে বাঁচতে দিল না। আমার সুন্দর জীবন ও পরিবারের মানসম্মান শেষ হয়ে গেল। সবাই আমাকে ক্ষমা করে দিও। আব্বু, তুমি আমাকে মাপ করে দিও।”
এর কিছুক্ষণ পরই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত ২টার দিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।
জেরিনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই রিফাতের পরিবার যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করেছিলেন তারা।
চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”
খবরওয়ালা/আশ