বগুড়া জিলা স্কুল কেন্দ্রে বড় ভুল: ক্যারিয়ার শিক্ষায় কাটা গেল ২৫ নম্বর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনেই বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ঘটেছে এক চাঞ্চল্যকর ভুল। ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ৫০ নম্বরের স্থলে ভুল করে ২৫ নম্বর প্রদানের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায়, অন্যান্য বিষয়ে উচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের অনেকেই এই একটি বিষয়ে অস্বাভাবিকভাবে কম নম্বর পেয়েছেন। এতে তাদের জিপিএ কমে যাওয়ায় উচ্চশিক্ষা গ্রহণে জটিলতা তৈরি হয়েছে।

জানা গেছে, বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৮টি বিদ্যালয়ের ৮৮৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকের ফল বিপর্যয়ের মুখে পড়েছে শুধুমাত্র ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ভুল নম্বর প্রদানের কারণে।

বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান জানান, ‘আমাদের বিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সবাইকেই ওই বিষয়ে ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর দেওয়া হয়েছে। এটি যে একটি কারিগরি ত্রুটি, তা বোর্ডকে জানানো হয়েছে।’

ভুলে বিপর্যস্ত একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা সব বিষয়ে ৯৫-এর ওপরে পেয়েছি, অথচ “ক্যারিয়ার শিক্ষা”–তে অর্ধেক নম্বর কাটা গেছে। এতে আমাদের জিপিএ নষ্ট হয়েছে, ভর্তির সুযোগও সংকটে পড়েছে।’

বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন জানান, ‘রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড আগামী রোববারের মধ্যে সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দিয়েছে।’

এই ভুলের দ্রুত সংশোধন না হলে শিক্ষার্থীদের ভর্তি আবেদন, মেধাতালিকায় স্থান পাওয়া এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন অভিভাবকরা। সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।