বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই ‘আত্মহত্যা’ করলেন রুশ মন্ত্রী

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত সোমবার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

সোমবার (৭ জুলাই) সকালে প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রির মাধ্যমে স্তারোভোইতকে বরখাস্ত করেন। সেই আদেশ ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। তার স্থানে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বরখাস্তের পেছনে ‘আস্থাহানি’র কোনো কারণ নেই, তবে তিনি বিকল্প কোনো ব্যাখ্যাও দেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোর উপকণ্ঠ ওদিনৎসোভোতে একটি গাড়ির ভেতর স্তারোভোইতের মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে তদন্ত চলছে।

২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে ‘বহিরাগত হস্তক্ষেপ’, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ায় ৪ শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। সূত্র: সিএনএন

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।