খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। অনুষ্ঠান শেষে তিনি দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মিথিলা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রথমে সমর্থন ও ভোট দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি সবকিছু কাছ থেকে দেখেছি এবং শিখেছি। সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, টপ ৩০-এ যাদের জায়গা হয়েছে তাদের প্রত্যেকেরই ফাইনালে যাওয়ার যোগ্যতা এবং মুকুট জেতার ক্ষমতা আছে। আমি এই যাত্রায় গর্বিত। ভবিষ্যতে যারা অংশ নেবেন, আমি তাদের সর্বোচ্চ সাহায্য করব।”
২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতায় মিথিলা অংশ নেন। যদিও তিনি মুকুট জয় করতে পারেননি, তবু প্রতিযোগিতায় ইতিহাস সৃষ্টি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের মধ্যে তিনি তৃতীয় হয়েছেন এবং সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন।
মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে এবং লায়ন প্রোডাকশন প্রযোজনা করছে।
খবরওয়ালা /এসএস