বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (P&G) বাংলাদেশে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা এই কোম্পানি দীর্ঘ তিন দশক ধরে প্রাণ গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে দেশে কারখানাও স্থাপন করেছিল।

বর্তমানে এই বহুজাতিক কোম্পানি বৈশ্বিক ব্যবসা পুনর্গঠন ও কর্মী ছাঁটাই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাদের ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে জিলেট ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল এবং স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লিমিটেড (আইবিএল)-এর সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রাণ গ্রুপের কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশে পিএন্ডজি এর জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে জিলেট রেজর ও গ্রুমিং পণ্য, ওরাল-বি, প্যাম্পারস, হুইসপার স্যানিটারি ন্যাপকিন, হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন শ্যাম্পু, ওলে ফেস ও স্কিন কেয়ার, এরিয়াল, টাইড ও মি. ক্লিন ক্লিনার। তবে চুক্তি বাতিলের পর থেকে এই পণ্যের সরবরাহ ব্যাহত হতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন সুপারশপ ও ডিপার্টমেন্টাল স্টোরে দেখা গেছে, রেজর ও স্যানিটারি প্যাডের মজুদ শেষ হওয়ার পর নতুন সরবরাহ আসছে না।

প্রাণ গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে ২০২১ সালে হবিগঞ্জের অলিপুরে স্থাপন করা কারখানায় জিলেট ব্র্যান্ডের রেজর উৎপাদন শুরু হয়। এই কারখানায় মোট ১০ লাখ ডলারের বিনিয়োগ করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তখনকার মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। কিন্তু মাত্র চার বছর পরই P&G বাংলাদেশে তাদের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা জানিয়েছেন, “প্রাণ গ্রুপ P&G-এর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করত। জানুয়ারি থেকে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমাদের স্থাপিত কারখানা ও যন্ত্রপাতি এখনও আগের অবস্থায় আছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনায় প্রতিকূল পরিস্থিতি এবং স্থানীয় বাজারের চ্যালেঞ্জ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।