বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও বিশিষ্ট প্রশাসক ড. এম আসাদুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজশাহীর উপশহরের ভাড়া বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিএমডিএর নির্বাহী প্রকৌশলী ও ড. আসাদুজ্জামানের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, তিনি কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন ধরে জ্বরও ছিল তার। বৃহস্পতিবার রাতে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে যান। শুক্রবার সকালে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তানই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তারা দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রকৌশলী তরিকুল ইসলাম।

ড. এম আসাদুজ্জামানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। আট ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার বড় ভাই ড. এম এনামুল হক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। প্রয়াত ভাই ব্যারিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. এম আসাদুজ্জামানকে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।