খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫
খালি পায়ে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায় এক যুবককে। এসময় তাকে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতেও শুনা যায়। প্রায় ১৬ ঘণ্টা টাওয়ারে থাকার পর নেমে আসলে তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৮ মার্চ) এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে পুলিশ। তবে ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি বলেও দাবি করেন তারা।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তারা ওই ব্যক্তিকে প্রথম দেখতে পায়। রবিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ফায়ার ব্রিগেডসহ অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করেছি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করেছি। যাতে এ ঘটনার যত দ্রুত সম্ভব ইতি টানা যায়, জীবনের ঝুঁকি কমিয়ে আনা যায়।’
জরুরি উদ্ধারকারী বিভাগের কর্মীরা একটি ক্রেন নিয়ে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান এবং তাঁর সঙ্গে কথা বলেন। পরে তিনি নেমে আসেন বলে জানিয়েছে স্কাই নিউজ।
ঘটনাটি দেখতে পার্লামেন্ট স্কোয়ারের নিচে বহু মানুষ জড়ো হয়, আর নিরাপত্তাজনিত কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজের উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ জানায়, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।
খবরওয়ালা/টিএ