বিতর্কের মধ্যেও সেরা, কে এই মিস ইউনিভার্স ?

থাইল্যান্ডে ২ নভেম্বর শুরু হওয়া মিস ইউনিভার্সের ৭৪তম আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। প্রতিযোগিতার শুরুতেই সঞ্চালকের কটাক্ষ তাঁকে ব্যথিত করেছিল। এই আসরে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা ৩০–এ জায়গা করলেও সেরা ১২–তে উঠতে পারেননি।

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব শুরু হয়। কয়েকটি ধাপ শেষে ফাইনালে ওঠেন পাঁচ দেশের প্রতিনিধিরা—থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরিকোস্ট। এরপর বিচারকেরা তাঁদের দুটি করে প্রশ্ন করেন, যার উত্তর যাচাই করেই মিস ইউনিভার্স ২০২৫ নির্বাচিত হন।

চূড়ান্ত লড়াইয়ে সেরা হিসেবে উঠে আসেন ফাতিমা। মূল পর্ব শুরুর আগে প্রিপ্যাজেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ম অনুযায়ী আয়োজক দেশের জন্য প্রতিযোগীদের একটি প্রমোশনাল ভিডিও তৈরি করতে হয়। আনুষ্ঠানিক ফটোশুট ছাড়াও কিছু অতিরিক্ত ছবি তোলা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সময়মতো পোস্ট করতে না পারায় মিস ইউনিভার্স মেক্সিকোকে সবার সামনে ‘ডাম্বহেড’ বলে কটাক্ষ করেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল।

ফাতিমা সঙ্গে সঙ্গে জানান, তিনি একজন নারী হিসেবে যথাযথ সম্মান পাচ্ছেন না। এরপর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে ডেকে তাঁকে শাসানোর চেষ্টা করা হয়। তবে ততক্ষণে অন্যান্য প্রতিযোগী মেক্সিকোর পক্ষ নিয়ে একসঙ্গে উঠে দাঁড়িয়ে হল ত্যাগ করেন। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল।

ঘটনার পর দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা বলেন, একুশ শতকে কোনো নারী পুতুলের মতো পরিচালিত হতে পারেন না। কাউকে ইচ্ছেমতো সাজানো বা অপমান করার সুযোগ নেই। তিনি এখানে এসেছেন সর্বস্তরের নারীর প্রতিনিধিত্ব করতে। তাঁকে অসম্মান করা মানে পুরো নারী সমাজকে অসম্মান করা।

পরবর্তীতে তিন দফা ক্ষমা চান সঞ্চালক, তবে তাতে সন্তুষ্ট হয়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এ বছরই পরিচালক পদে আসা নাওয়াতকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর ফাতিমার জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়, প্রশংসা পান অন্যান্য প্রতিযোগীদের কাছ থেকেও, যারা তাঁর সঙ্গে অনুষ্ঠান বর্জন করেছিলেন। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজের মেধা প্রমাণ করেন তিনি। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় রানারআপ হন মিস থাইল্যান্ড।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।