বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ (৬৫.২ ভরি) গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা হলেন: মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেয়ার সময় উপস্থিত যাত্রীদের মধ্যে সন্দেহ হয়। এতে সেখানে গোলযোগের সৃষ্টি হয়।

এ অবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই ব্যক্তিদেরকে টার্মিনালে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। তাদেরকে জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেয়া হয়। সেখানে এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে ৩টি নীল রঙয়ের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। 

এতে আরও বলা হয়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।