চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে হুমকির প্রতিবাদ করায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় মোজাম্মেল (৪৫) নামের এক ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, নিহত আব্দুল মান্নানের বাড়ির আত্মীয়দের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাঁর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার হাফেজ বজলুর রহমানের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিয়ে সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার স্থানীয় বাজারে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। তখন আব্দুল মান্নান ওই হুমকির প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে মোজাম্মেল ক্ষুব্ধ ছিলেন।
স্বজনদের অভিযোগ, রাতে সহযোগীদের নিয়ে আব্দুল মান্নানের ওপর হামলা চালানো হয়। এশার নামাজের পর তিনি বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কোপানো হয়। হামলায় গুরুতর আহত হয়ে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাঁকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হামলার স্থান পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুরু হওয়া কথাকাটাকাটি ও হুমকির পর আব্দুল মান্নানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগও দেখা দিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ, এতে কতজন জড়িত ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা সরাসরি সম্পৃক্ত—তা তদন্তের পরই স্পষ্ট হবে।


