বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফিরলো টাইগাররা

ব্যাটারদের দৃঢ়তার পর বোলারদের তাণ্ডব—দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই বিভাগেই দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান তোলে বাংলাদেশ। এরপর জবাব দিতে নেমে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর এই দাপুটে জয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টিম বাংলাদেশ।

প্রথম ম্যাচের ব্যর্থতার পর একাদশে তিনটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামে বাংলাদেশ। সেই পরিবর্তনের সুফল মিলেছে হাতে-নাতে। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে ছিল নজরকাড়া ধারাবাহিকতা।

ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। মাত্র ৩.২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি মূল্যবান উইকেট। এ ছাড়া শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট, আর মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের শিকার ১টি করে।

লঙ্কান ব্যাটিং লাইনআপ পুরোপুরি ছন্নছাড়া ছিল। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান এবং দাসুন সানাকা করেন ২০ রান। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের ইনিংসে তিনি ছিলেন দলের অন্যতম স্তম্ভ। সঙ্গে ৪৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী এবং তাওহিদ হৃদয় যোগ করেন ৩১ রান।

নিজের ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন লিটন দাস।

এই জয়ে সিরিজে সমতা ফিরিয়ে এখন সিরিজ নির্ধারণী ম্যাচের দিকে নজর বাংলাদেশের।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।