আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫
পর্যটন গন্তব্য হিসেবে নিজেদের প্রস্তুতি এবং আধুনিক অবকাঠামো দিয়ে সৌদি আরব বিশ্বকে বারবার বিস্মিত করছে। তারই একটি অংশ হিসেবে রাজধানী রিয়াদে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো—‘রিয়াদ মেট্রো’ চালু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেল নেটওয়ার্ক এখন কেবল ভ্রমণের একটি মাধ্যম নয়, বরং ভ্রমণপিপাসুদের জন্য এক নতুন অভিজ্ঞতা।
১৭৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নেটওয়ার্কটি ছয়টি লাইনে বিস্তৃত এবং এটি নির্মাণে ২২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ৮৫টি স্টেশনের মধ্যে চারটি বিশেষ করে পর্যটকদের জন্য মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে— কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ও ওয়েস্টার্ন স্টেশন।
রিয়াদের ঐতিহাসিক কেন্দ্রে অবস্থিত কাসর আল হোকম স্টেশনটি নরওয়েজিয়ান স্থাপত্য সংস্থার নকশায় নির্মিত। এটি সাত তলা বিশিষ্ট এবং মাটির ৪০ মিটার গভীরে বিস্তৃত। এখানে রয়েছে অভ্যন্তরীণ বাগান, শিল্পকর্ম, বিপণীবিতানসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা। কেএএফডি স্টেশনে দেখা মিলবে মার্কিন শিল্পী আলেকজান্ডার ক্যালডারের ভাস্কর্য। এসটিসি স্টেশনটি সৌদির টুয়াইক পাহাড়ের চুনাপাথরের অনুপ্রেরণায় তৈরি, আর ওয়েস্টার্ন স্টেশনটি আল সুইদি অঞ্চলে চালু হয়েছে।
এই মেট্রোতে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম এবং সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে। ভাড়া অত্যন্ত কম—দুই ঘণ্টার জন্য মাত্র চার সৌদি রিয়াল (যা প্রায় এক ডলারের সমান)। পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির জন্য আলাদা বগি রাখা হয়েছে।
রিয়াদের অধিবাসীরা জানাচ্ছেন, এই মেট্রো কেবল যাতায়াতকে সহজ করছে না, বরং সামাজিক মিথস্ক্রিয়াও বৃদ্ধি করছে। শহরের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ একে অপরের সঙ্গে সহজে মিশে যেতে পারছে।
রিয়াদ সিটি কমিশনের সিইও ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান বলেছেন, ‘এই প্রকল্পটি শহরের চেহারা বদলে দিয়েছে। এটি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং নগর উন্নয়নের সঙ্গেও জড়িত।’
চালু হওয়ার মাত্র ছয় মাসেই মেট্রোটি ১৮ মিলিয়নেরও বেশি যাত্রী ব্যবহার করেছেন। ভবিষ্যতে এই নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ফলস্বরূপ, রিয়াদ মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে।
সূত্র: সিএনএন
খবরওয়ালা/টিএসএন