ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈসরান উপত্যকার একটি পর্যটন এলাকায় টার্গেট করে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রত্যন্ত এই এলাকাটি শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। ঘটনার সময় উপত্যকার উপরের মাঠে গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা ক্যামোফ্লাজ পরা ছিল এবং পরিকল্পিতভাবেই এই হামলা চালায়।

হামলায় নিহতদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছে ২০ জন, কেউ ২৬ জন, আবার কিছু স্থানীয় সূত্রের দাবি, মৃতের সংখ্যা ২৯ জন ছাড়িয়েছে।

আহতদের দ্রুত সরিয়ে নিতে সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করেছে। হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ফোনে নির্দেশ দেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

9k= ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ২৬
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ২০২৫ সালের ২২ এপ্রিল পাহেলগামের মনোরম এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। – রয়টার্স

দিল্লিতে অমিত শাহের বাসভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন যেকা, স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত ও সেনা কর্মকর্তারা (ভিডিও কনফারেন্সে)।

এ ছাড়াও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা-র সঙ্গেও কথা বলেন অমিত শাহ।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই কঠোর সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হবে। হামলাকারীরা তাদের জঘন্য কাজের জন্য চরম মূল্য দিতে বাধ্য হবে।

এই হামলার পর কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।