খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ভুয়া কাবিননামা বানিয়ে যুবকের নামে মামলা দেওয়ায় ছাবিকুন নাহার পারুল (৩৯) নামে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা পিয়া এ আদেশ দেন।
ছাবিকুন নাহার পারুল উপজেলার শেখ আবুল হাসেমের মেয়ে। পারুলের স্বামী মৃত ইয়াছিন শেখ এবং তার দুটি ছেলে সন্তান রয়েছে।
মামলা নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মে মাসে ভুয়া কাবিননামা তৈরি করে কাশিয়ানী সদরের বাসিন্দা মো. সবুজ আল সাহবা (৩১) নামে এক যুবককে স্বামী দাবি করে আদালতে যৌতুক মামলা করেন ওই নারী। ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন।
এ মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠায়। তিনদিন কারাভোগ শেষে ওই যুবক জামিনে মুক্তি পান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।
এদিকে সিআইডি এ মামলার ঘটনার সত্যতা পায়নি। এরপর ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলার অভিযোগ এনে ভুক্তভোগী সবুজ মামলা দায়ের করেন।
রবিবার সেই মামলায় হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে ওই নারী জামিন চেয়েছিলেন আদালতে। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তাকে।
এ বিষয়ে এমএ আলম সেলিম বলেন, যৌতুকের মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী সময়ে ভুক্তভোগীর করা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
খবরওয়ালা/এফএস