মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে তার হিসাব খোলার দলিল, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা আলমের নাম আলোচনায় আসে। ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় তার বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম একটি মামলা করেন, যেখানে মেঘনা আলম, দেওয়ান সমির এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা একজন কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় একটি গোপন বৈঠক হয়, যেখানে প্রতারণামূলকভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে এই আলোচনা হয়। এই ধরনের কর্মকাণ্ড আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কূটনীতিকের নাম মামলায় উল্লেখ করা হয়নি।

এর আগে ভাটারা থানায় দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় ১১ এপ্রিল ব্যবসায়ী দেওয়ান সমির গ্রেপ্তার হন। ওই মামলায়ও একই ধরনের অভিযোগ ছিল।

মেঘনা আলমের ব্যাংক হিসাবের খোঁজখবর চাওয়া এবং চলমান মামলার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, অর্থপাচার বা সন্দেহজনক লেনদেনের দিকেও তদন্তকারীরা নজর দিচ্ছেন।

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।