মহেশখালীতে পিটার হাস, যা জানা গেলো

ঢাকা থেকে একদিনের সফরে কক্সবাজারে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিমানযোগে কক্সবাজারে নেমেই তিনি মহেশখালীতে যান। এ সময় তার সঙ্গে কেএম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামের আরও ২ ব্যক্তি ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

জানা গেছে, ঢাকা থেকে পিটার হাসসহ তিনজনই কক্সবাজার পৌঁছে বিমানবন্দর থেকে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর তাদের সঙ্গে যুক্ত হোন হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে মহেশখালী জেটিঘাট থেকে প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়ায় পৌঁছান। এ সময় সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরে সেখানে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন পিটার ডি হাস।

পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় তিনি শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের খোঁজখবর নেন।

পরে প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বেলা আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট হয়ে নদীপথে মহেশখালী ত্যাগ করেন। পরিদর্শনের সময় মহেশখালী থানার একটি পুলিশ দল তার নিরাপত্তায় ছিলেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্র-জনতার ইচ্ছাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি।

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির বিশেষ দিন গত ৫ আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। সেখানে হোটেল সি পার্লে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। অবশ্য ওয়াশিংটনের একটি সূত্র সে সময় নিশ্চিত করে, পিটার হাস বাংলাদেশে নন, বরং ওয়াশিংটনে অবস্থান করছেন। তবে এবার জল্পনা কাটিয়ে সত্যিই পিটার হাস কক্সবাজারে পৌঁছেছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।