খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এলাকায় চার গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাকুড়া ও করিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই অটোরিকশা চালকের পক্ষ নেয় চার গ্রামবাসী। এর মধ্যে একপক্ষে রাঁধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন এবং অপরপক্ষে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজন অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বানিয়াচং সেনাক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।