খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ই সেপ্টেম্বর ২০২৫, ৫:৪ পিএম
কক্সবাজারের টেকনাফে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ১ লাখ ২০ হাজার ইয়াবা। এ ঘটনায় মো. ইসমাইল (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক ইসমাইল টেকনাফ পৌরসভার দরগারছড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে। এ মামলার আরও দুই আসামি মো. ইয়াসিন ও মো. তাহের পলাতক রয়েছেন।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। শুক্রবার রাত ১টা ১৫ মিনিটের দিকে দরগারছড়া এলাকায় শুরু হওয়া অভিযানে ইসমাইলকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ায় তাহের নামে এক ব্যক্তির বাড়ির পাশে মাটি খুঁড়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিয়ানমার থেকে আনা এই মাদক সাবরাং এলাকার এক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য ইয়াসিনের মাধ্যমে পাঠানো হয়েছিল। মানব পাচারকারী চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে সমুদ্রপথে মাদক বাংলাদেশে প্রবেশ করায়।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মাদকবিরোধী এ বিশেষ অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স নীতির প্রতিফলন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
খবরওয়ালা/এন
মন্তব্য