কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকায় মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহীনের মা লুৎফা বেগম (৭০) এবং বোন শিল্পী আক্তার (৪০)।
নিহত লুৎফা বেগমের মেয়ে শিউলি আক্তার জানান, তার ভাই শাহীন ও তার স্ত্রী লাকি আক্তার প্রায়ই তাদের মা ও বোনকে নির্যাতন করতেন। শনিবার বিকেলে তারা তাদের মা ও বোনকে মারধর করেন। রবিবার দুপুরে স্থানীয়রা তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং শাহীন ও তার স্ত্রীকে আটক করে। শিউলি আক্তার আরও জানান, তার মা ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
অভিযুক্ত শাহীনের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন বলেন, দুপুরে শাহীন তাদের জানায় যে তার মা ও বোন মারা গেছেন। তারা এসে দেখেন দুজনেই খাটে শুয়ে আছেন এবং সদ্য মারা গেছেন।
কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আটক শাহীন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরওয়ালা/টিএসএন



