মিটার চুরি করে চিরকুটে চোর লিখে যায় নম্বর, পাঠাতে বলে টাকা

পাবনার চাটমোহর উপজেলায় গত এক সপ্তাহে অন্তত ১৫টি বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মিটার চুরি করে সেখানে একটি চিরকুট রেখে যায়। চিরকুটে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে চোরেরা অর্থ দাবি করছে এবং টাকা পাঠানো হলে মিটার ফেরত দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, কয়েক মাস যাবৎ চাটমোহরের বিভিন্ন এলাকায় একের পর এক মিটার চুরির ঘটনা ঘটছে। গত সপ্তাহে রেলবাজার এলাকার আব্দুল মান্নান, আবুল বাশার, শাহজালাল সরকার, পাঞ্জাব বিশ্বাস ও শহীদুল ইসলামের মিল কারখানায় মিটার চুরি ঘটে। এর আগে মূলগ্রাম বাজার এলাকায়ও রাতের আঁধারে বেশ কয়েকটি মিটার চুরি হয়েছে।

সবশেষ গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকার নিখিলের চাউলের মিল এবং উথুলী গ্রামের মকবুল হোসেনের ফিড মিলের মিটার চুরি হয়েছে। চিরকুটে লেখা নম্বরে অর্থ পাঠালে চুরি যাওয়া মিটারগুলো ফেরত পাওয়া যায়। তবে অধিকাংশ মিটার মালিক এই ঝামেলা এড়াতে থানায় অভিযোগ দিচ্ছেন না।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি এই মিটার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে এমন ঘটনা এই এলাকায় হত না। যেসব গ্রাহকের মিটার চুরি হয়েছে, তারা আমাদের জানালে আমরা থানায় জিডি করেছি। তবে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। সব গ্রাহককে সচেতন হতে হবে। মিটার নিরাপত্তায় খাঁচা ব্যবহারের পরামর্শ দিচ্ছি। ধারাবাহিকভাবে গ্রাহক সচেতনতায় মাইকিং ও বিলের কাগজে সচেতনতামূলক সিল ব্যবহার করা হবে।’

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগীরা যদি ওই মোবাইল নম্বরগুলো থানায় দেন, অপরাধীদের শনাক্ত করতে থানার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।