মুদি দোকানের এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

সিরাজগঞ্জের তাড়াশে একটি ছোট মুদি দোকানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। রোববার (২২ জুন) দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তাড়াশ জোনাল অফিস থেকে প্রেরিত বিলের কাগজ হাতে পেয়েই চমকে ওঠেন দোকানি মো. আব্দুল হাকিম।

ভুক্তভোগী আব্দুল হাকিম উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামের মো. নজিবর রহমানের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় বাজারে একটি ছোট মুদি দোকান পরিচালনা করেন।

আব্দুল হাকিম জানান, ‘প্রতিমাসে বিদ্যুৎ বিল আসে সর্বোচ্চ ৩০০-৩৫০ টাকার মতো। কিন্তু এ মাসে ১৩ লাখ টাকার বেশি বিল দেখে আমি হতবাক হয়ে যাই, সঙ্গে ভয়ও পাই।’ এরপর তিনি তাড়াশ জোনাল অফিসে ফোন করে বিষয়টি জানালে অফিসে গিয়ে দেখা করতে বলা হয়।

ঘটনার পরপরই আব্দুল হাকিম বিলের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজনরা বিষয়টি নিয়ে নানা রকম মন্তব্য করতে থাকেন।

বিষয়টি নজরে আসার পর তাড়াশ জোনাল অফিস থেকে বিকেলে ওই বিল সংশোধন করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে তাড়াশ জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, ‘মুদি দোকানি আব্দুল হাকিমের বিল কপিতে প্রিন্ট মিসটেক হয়েছে। বিষয়টি জানার পর আমরা সঙ্গে সঙ্গে বিল সংশোধন করে দিয়েছি।’

খবরওয়ালা/এন

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।