মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন নান্নু (৬০)। তিনি একটি হত্যা ও বিস্ফোরক মামলায় আটক ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ বলেন, “রাত ৩টা ৩০ মিনিটের দিকে তিনি অসুস্থতা অনুভব করেন। দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানানোর পর আমরা বিষয়টি নিশ্চিত হই।”
তিনি আরও বলেন, মরদেহ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা সূত্র জানায়, ৪ আগস্টের একটি রাজনৈতিক সহিংসতায় নিহত সজল হত্যাকাণ্ডের মামলায় চলতি বছরের ৫ মে থেকে নান্নু কারাগারে বন্দি ছিলেন।
খবরওয়ালা/টিএসএন



