মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটারই হবেন দেশের প্রথম ক্রিকেটার, যিনি পৌঁছাবেন শততম টেস্ট খেলার মাইলফলকে। আগামী নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এরপর ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সাদা পোশাকে আগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলুড়ে ক্রিকেটার মুশফিক। এখন পর্যন্ত অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার ৯৮টি টেস্ট খেলেছেন। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে টেস্টে তার অভিষেক হয়েছিল।

সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানও এসেছে মুশফিকের ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক। রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও।

আইরিশরা দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দুটি টেস্টই হতে যাচ্ছে। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। যা ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়।

এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১৮ অক্টোবর শুরু হয়ে যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুসারে ডিসেম্বর-জানুয়ারিতে কোনো খেলা নেই বাংলাদেশের। ওই সময়ে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর ফ্রেব্রয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।