খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫
মেক্সিকোর সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধে বিপর্যস্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের উরুপান শহরের মেয়র কার্লোস মানজো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীদের হামলায় নিহত হন। এই হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং হামলাকারীদের একজন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর মেয়র কার্লোস মানজোর নিজস্ব নিরাপত্তাদলের সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সক্রিয় পুলিশ কর্মকর্তা ছিলেন এবং হত্যাকাণ্ডে সম্ভাব্য সংশ্লিষ্টতার কারণে আটক হন।
গত ১ নভেম্বর ‘ডে অব দ্য ডেড’ উপলক্ষে পরিবারের উপস্থিতিতে দিবালোকে মানজোকে হত্যা করা হয়। ঘটনাস্থলে ১৭ বছর বয়সী এক কিশোরকে হামলার মূল কার্যকারী হিসেবে শনাক্ত করা হয়, এবং হামলার পরই মেয়রের দেহরক্ষীরা তাকে গুলি করে হত্যা করেন।
স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের ধারণা, হত্যাকাণ্ডের পেছনে সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা ছিল।
মানজোর হত্যাকাণ্ড সারা মেক্সিকোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে মিচোয়াকান রাজ্যে অতিরিক্ত ফেডারেল নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
৪০ বছর বয়সী কার্লোস মানজো এক বছরের একটু বেশি সময় ধরে উরুপানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি মেক্সিকোর কুখ্যাত মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এতে তার জনপ্রিয়তা বাড়লেও একই সঙ্গে শত্রুও তৈরি হয়।
গ্রেপ্তারের আগ পর্যন্ত মানজোর সাত নিরাপত্তারক্ষী তার স্ত্রী গার্সিয়া কিরোজকে নিরাপত্তা দিয়ে আসছিলেন। রাজ্য কংগ্রেস গার্সিয়া কিরোজকে উরুপানের নতুন মেয়র হিসেবে নিয়োগ দিয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোর্হে আরমান্দো এন, যিনি এল লিসেনসিয়াদো নামে পরিচিত, তাকে আটক করা হয়েছে। তাকে মানজো হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সম্ভবত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতৃত্বদানকারী এক অপরাধী গোষ্ঠীর প্রধান।
খবরওয়ালা /এসএস