মৌলভীবাজার-সিলেট সীমান্তে নারী-শিশুসহ ৬০ জনকে ‘পুশইন’ করল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও নারী, শিশু ও পুরুষসহ অন্তত ৬০ জন বাংলাদেশি নাগরিককে দেশের ভেতরে ‘পুশইন’ করেছে।

বুধবার (১৪ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এবং সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে এসব বাংলাদেশিকে পাঠানো হয়।

বড়লেখায় ফের ৪৪ জনকে পুশইন

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু—মোট ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের বরাত দিয়ে বিজিবি জানায়, তারা অবৈধভাবে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং সেখানে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের মধ্যে অনেকে জানান, সীমান্তের ওপারে এখনও আরও অনেক বাংলাদেশিকে আটক করে রেখেছে বিএসএফ, যাদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, “বিএসএফ আরও ৪৪ জনকে ভোরে সীমান্ত পার করিয়েছে। বিজিবি তাদের আটক করেছে এবং তাদের সবাই বাংলাদেশি নাগরিক।”

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, “আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে ৬ ও ৭ মে মৌলভীবাজার সীমান্ত দিয়ে শতাধিক বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। তাদের মধ্যে ৫৯ জনকে আটক করে যাচাই-বাছাই শেষে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সিলেট সীমান্তে আরও ১৬ জনকে পুশইন

একইদিন সকালে সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে পুশইন করে বিএসএফ। বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিকেল পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, “পুশইনকৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।”

সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক

সম্প্রতি মৌলভীবাজার ও আশপাশের সীমান্ত এলাকাগুলোতে বিএসএফের ধারাবাহিক পুশইন কার্যক্রমে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহেই মৌলভীবাজার সীমান্তে ৬৯ জনকে আটক করা হয়, যাদের অবৈধভাবে পাঠানো হয়েছিল। এ নিয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া শ্রীমঙ্গলে এক সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সবগুলো সীমান্ত পয়েন্টে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।