রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে নিল দিল্লি

ভারত–পাকিস্তান সংঘাতের পর কপাল খুললো মোস্তাফিজুর রহমানের। আইপিএলে নিলাম থেকে কেউ ডাক না পেলেও নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন এই কাটার মাস্টার। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল খেলেছেন ফিজ।

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

এর আগে ২০২২ ও ২০২৩ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। সেই দুই আসরে দিল্লির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে–পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি।

বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ছয় লাখ ডলার দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তা ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ।

এবারের আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। তাঁর দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ানস তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে আছে।

লিগ পর্বের বাকি তিন ম্যাচে একাদশে সুযোগ পেতে দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে লড়াই করতে হবে মোস্তাফিজকে। যদিও স্টার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কি না, এখন পর্যন্ত নিশ্চিত নয়।

বিরতির পর আইপিএল শুরু হবে ১৭ মে। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে। এর আগের দিনই দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের দলে আছেন মোস্তাফিজ। আজই তাঁর ঢাকা ছাড়ার কথা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।