যশোরে পালিত ছেলের হাতে মা খুন, গ্রেপ্তার ছেলে

যশোরে খালেদা খানম ওরফে রুমি (৫৫) নামের এক নারীকে তার পালিত ছেলে শেখ শামস (২২) পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) বিকেল পাঁচটার দিকে মনিহার এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত খালেদা খানম শহরের মনিহার প্রেক্ষাগৃহ–সংলগ্ন ফলপট্টি এলাকার শেখ শাহজাহানের মেয়ে। তাঁর কোনো সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে শামসকে পালিত সন্তান হিসেবে বড় করেছেন তিনি। ফলপট্টি এলাকায় তাঁর দোতলা বিপণিবিতান আছে। ওই বিপণিবিতানের নাম পালিত সন্তানের নামে রেখেছেন ‘শামস মার্কেট’।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘শামস মার্কেট’-এর নিচতলায় দোকান। আর দ্বিতীয় তলায় খালেদা খানম থাকতেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানিরা মোটরের লাইনে পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান।

পরে আবার দুপুরে ডাকাডাকি করেন। ভেতর থেকে কেউ দরজা না খোলায় দোকানিরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দেন। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ডাকাডাকি করলে খালেদার পালিত ছেলে শামস দরজা খোলেন। এ সময় পুলিশ ও দোকানিরা খালেদার খোঁজ নিলে বাড়িতে নেই বলে জানিয়ে দেন শামস। পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে শামস দরজা খুলতে নিষেধ করেন।

পুলিশ জানায়, একপর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আগের রাত একটার দিকে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেন শামস। খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলে তিনি জানান। পরে স্বজনদের উপস্থিতিতে খালেদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শামসকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত নারীর স্বজনেরা জানান, শামস মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য মাকে প্রায় মারধর করতেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।