খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫
ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলা ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাবই শেখপাড়া পৌঁছলে অপরদিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশা চালকসহ দুজন মারা যান। আহত হন দুজন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এফএস