যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রবিবার( ৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনাকে ‘অর্থহীন’ বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এমন কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পছন্দ করবেন বলে মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি আশা প্রকাশ করেন যে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষে দেশগুলোর মধ্যে একটি আলোচনা হবে।

ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যদি তারা কোনো চুক্তি করতে রাজি না হয়, তাহলে বোমা হামলা হবে।

এরপর মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান, তিনি ইরানের সঙ্গে ‘সরাসরি আলোচনা’ করতে আগ্রহী। তিনি যুক্তি দেন, ‘আমি মনে করি, এটি দ্রুত এগোবে এবং আপনি অন্য পক্ষকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন, যদি আপনি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি কথা বলেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আব্বাস আরাঘচি বলেন, ‘যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ করে, তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে অর্থহীন। আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথ চেষ্টা করতে প্রস্তুত।’

আরাঘচি বলেন, ‘ইরান সম্ভাব্য সব ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখে। কূটনীতি ও আলোচনার ক্ষেত্রে যেমন গুরুত্বারোপ করে, তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বারোপ করবে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, তার দেশ ‘সাম্যের ভিত্তিতে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে অংশ নিতে আগ্রহী।

তিনি আলোচনার আহ্বানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘যদি আপনি আলোচনা চান, তাহলে হুমকি দেওয়ার অর্থ কী?’

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।