খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গঙ্গাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এই আদেশ দেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ইয়াছিন আলী, স্বাধীন মিয়া, আশরাফুল ইসলাম, আতিকুর রহমান আতিক ও সাদ্দাম হোসেন সেলিম।
এর আগে গঙ্গাচড়া মডেল থানার ওসি আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ছয়আনি গ্রামের এক যুবকের ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ালে উত্তেজনা তৈরি হয়। ২৬ জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বিক্ষুব্ধ লোকজন ছয়আনি গ্রামে হিন্দুদের ১৩টি বাড়িতে ভাঙচুর-লুটপাট চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ১,২০০ জনকে আসামি করা হয়েছে।
খবরওয়ালা/এসআই