রাকসু নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে প্রশাসন ভবন ১–এর সামনে অবস্থান নেন।

এসময় শিক্ষার্থীরা ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো এক সাথে’—এই ধরনের নানা স্লোগানে আন্দোলনমুখর পরিবেশ তৈরি করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচনের বিষয়ে প্রশাসন নানা প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাস্তবায়নে নির্লিপ্ত থেকেছে। প্রথমে ছয় মাসের মধ্যে নির্বাচন, পরে রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা এবং সর্বশেষ ৩০ জুন তফসিল ঘোষণার কথা বলা হলেও, কোনোটিই বাস্তবায়ন হয়নি।

ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ বলেন, ‘আমরা আপনাদের রাজপথের প্রতিনিধি হিসেবে চেয়ারে বসিয়েছি। কিন্তু আমাদের দাবি উপেক্ষিত হলে সেই চেয়ার থেকে নামতেও সময় লাগবে না। প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে যে কথা দিয়েছে, তা পালন করেনি। অবিলম্বে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাকসু প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। আমরা জানতে পেরেছি, জাতীয় নির্বাচনের আগে রাকসু নির্বাচন না দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা তা হতে দেব না। নির্দিষ্ট সময়সীমা দিয়েই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

কর্মসূচিতে ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, আকিল বিন তালিব, আইন বিভাগের শিক্ষার্থী সাজিদা ঢালি, ফাহির আমিনসহ আরও অনেকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।