খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান এবং তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট এবং শেয়ারের ওপর অবরোধ জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের পক্ষে আবেদনে নেতৃত্ব দেন সংস্থার পরিচালক আবুল হাসনাত। তিনি বলেন, মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে—বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ একাধিক প্রকল্পে।
আবেদনে বলা হয়, সিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্রেও উল্লেখযোগ্য অস্থাবর সম্পদ রয়েছে। তদন্তে তথ্য পাওয়া গেছে, তারা এসব সম্পদ বিদেশে পাচারের চেষ্টা করছেন।
দুদক আশঙ্কা প্রকাশ করে বলেছে, এসব সম্পদ বিদেশে স্থানান্তরিত হলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে অবরোধ জারি করা প্রয়োজন বলে আদালতে জানানো হয়।
এর আগে, চলতি বছরের ১৭ এপ্রিল একই আদালত সিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে সিদ্দিকুর রহমানকে রাজউকের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেয় সরকার। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ সেপ্টেম্বর তার নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। পরে ২২ সেপ্টেম্বর ওই আদেশ প্রত্যাহার করে পুনর্বহাল করা হলেও, চলতি বছরের মার্চে শেষবারের মতো তার নিয়োগ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
খবরওয়ালা/আরডি